• প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম
  • আপডেট : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

দীপা খন্দকার

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৭ পিএম

দীপা খন্দকার। নন্দিত অভিনেত্রী ও মডেল। আজ তাঁর জন্মদিন। অভিনয় করছেন একাধিক ধারাবাহিকে। সিনেমাও রয়েছে তাঁর হাতে। জন্মদিন উদযাপন, অভিনয়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন। 

সমকাল: জন্মদিন নিয়ে আপনার পরিকল্পনা কী? জীবনের এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করতে ভালো লাগে?
দীপা খন্দকার: জন্মদিন নিয়ে আমার খুব বেশি আয়োজন বা পরিকল্পনা থাকে না, বরং পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে। এবারও জন্মদিনে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা আছে। চ্যানেল আইয়ে একটি লাইভ অনুষ্ঠানে যাব। সেখানে জন্মদিনের কেক কাটা হবে। কিছুদিন আগ পর্যন্ত জানতাম, জন্মদিনের সময় কুষ্টিয়ায় নতুন সিনেমার শুটিংয়ে থাকতে হবে। মানসিকভাবে সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে জন্মদিনে শুটিং থেকে বিরতি পাওয়ার সুযোগ হয়েছে। এটা আমার জন্য আনন্দের। কারণ, পরিবার চায় অন্তত বছরের এই একটি দিন যেন তাদের সঙ্গে কাটাই। আমিও চাই দিনটিতে সন্তান ও পরিবারের সদস্যদের সময় দিতে। আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি সুন্দরভাবে সবকিছু মিলিয়ে দিয়েছেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আরও ভালো কাজ করতে পারি।



  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৩ পিএম
  • আপডেট : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৮ পিএম


ইমরান-জেনেলিয়ার

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৩ পিএম

গল্পটা ঈশ্বর নামে এক যুবকের। যিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও লুকিয়ে রেখেছেন এক গোপন অতীত। সে অতীত এক গোয়েন্দার। তবে অন্য আট-দশজন সিক্রেট অপারেটিভের মতো নন ঈশ্বর। যে কারণে তাঁর জীবন অধ্যায়ের গল্পটাও হয়ে উঠেছে ভিন্নরকম। কারণ তিনি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া। এক ভয়ংকর অপরাধী চক্র ও শক্তিশালী শত্রুর হাত থেকে প্রিয়তমাকে বাঁচাতে তিনি বেছে নিয়েছেন চরম এক পথ। অস্ত্র চোরাচালান, গুপ্তচরবৃত্তি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জালে জড়িয়ে আবারও তিনি পুরোনো ও ভয়ংকর রূপে ফিরে এসেছেন। তাঁর এই ফিরে আসার মধ্য দিয়ে উন্মোচিত হতে শুরু করেছে অন্ধকার ঘেরা গোয়েন্দা জগতের প্রকৃত রূপ। 

সারিম মোমিন ও জুনায়েদ ওয়াসির যৌথভাবে লেখা এমনই এক গল্প নিয়ে পরিচালক আদিত্য দত্ত নির্মাণ করছেন ‘গানমাস্টার জি নাইন’ সিনেমাটি। এটি কেবল গোয়েন্দা জগতের আঁধারের গল্প নয়, একই সঙ্গে ভালোবাসা ও প্রতিশোধের গল্প। যেখানে ঈশ্বর নামে নতুন এক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। শুধু ভিন্নরকম গল্প আর চরিত্রের কারণে নয়, অভিনয়কে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চ্যালেঞ্জও নিতে হয়েছে তাঁকে। যদিও চলতি বছর ‘আওয়ারাপান-২’ সিনেমার মধ্য দিয়ে যার অভিনয় ক্যারিয়ারকে চাঙা করার সুযোগ পেয়েছেন এই অভিনেতা, তবু সাফল্যের ক্ষুধাটা রয়ে গেছে। কারণ একটাই, একুশ শতকের শুরু থেকে এক দশকের বেশি সময় যে অভিনেতা বলিউড দাপিয়ে বেড়িয়েছেন, তিনি ক্যারিয়ারের পতনও দেখেছেন খুব কাছে থেকে। তাই তো ইমরান হাশমি অকপটে স্বীকার করেন, ‘চলার পথে কখনও কখনও হোঁচট খেতে হয়। পিছিয়ে পড়তে হয়, প্রতিযোগীদের থেকে। তবু থেমে যেতে নেই। দৃঢ় মনোবল ধরে রেখে নতুন উদ্যমে শুরু করতে হয় যাত্রা। বিরামহীন সেই যাত্রা এক সময় পৌঁছে দেয় কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই বিশ্বাস নিয়ে বলিউড যাত্রায় অব্যাহত রাখার চেষ্টা করেছি। জানতাম, ঘুরে দাঁড়ানোটা শুধু সময়ের ব্যাপার।’ তাঁর এই কথা থেকে বোঝা যায়, খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েও পা ফসকে পড়ে যাওয়ার অনুভূতিটা কেমন। তাইতো ইমরান হাশমি হাল ছাড়েননি কখনও। অভিনয় ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যায়নি। আশায় বুক বেঁধে নতুন করে পথচলা শুরু করেছেন এবং সাফল্যের দেখা পাচ্ছেন এই সময়ে এসে। 

শুধু ইমরান হাশমি নন, ‘গানমাস্টার জি নাইন’ সিনেমার আরতি চরিত্রের অভিনেত্রী জেনেলিয়া দেশমুখের জন্যও কাঙ্ক্ষিত একটি সিনেমা। অভিনয় জগতে নিজেকে নতুন করে দাঁড় করানোর চ্যালেঞ্জ তাঁর জন্যেও সমান। কেননা, বিয়ে, মাতৃত্ব আর ঘর-সংসারের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন জেনেলিয়া। গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছিলেন। সেই সুবাদে আবার বলিউডে ব্যস্ততা বেড়ে গেছে জেনেলিয়ার। পরপর তিনটি সিনেমা ‘জুনিয়র’, ‘মাস্তি-৪’ ও ‘রাজা শিবাজি’তে কাজের পর আলোচনা শুরু হয়েছে তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গানমাস্টার জি নাইন’ নিয়ে। কারণ একটাই, এতে জেনেলিয়া প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা ইমরান হাশমির সঙ্গে। পর্দায় তাদের রসায়ন কেমন হবে– এটা দেখার প্রতীক্ষা এখন সবার।

ইমরান-জেনেলিায় জুটির পাশাপাশি ‘গানমাস্টার জি নাইন’ সিনোমায় দেসু নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলতে যাচ্ছে অপার শক্তি খুরানার। তাঁর পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অবনীত কৌর, অভিষেক সিং, ইনায়াত ভার্মা, তৃষা ঠোসার, রেশ লাম্বা প্রমুখ। আজ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি 
পাচ্ছে সিনেমাটি।

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪১ পিএম
  • আপডেট : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪১ পিএম


স্বপ্না

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪১ পিএম

স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের পর এবার হাতে থাকা তার নামের ট্যাটুও মুছে ফেলছেন হরিয়ানভি মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কবজি থেকে স্বামীর নামের ট্যাটু সরাতে লেজার চিকিৎসা নিচ্ছেন তিনি। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানানোর কয়েক দিন পরই ভিডিওটি সামনে এল। এর আগে বিচ্ছেদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছিলেন স্বপ্না। বীর সাহুর সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে।


সম্প্রতি এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন স্বপ্না। তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনের কারণ কেবল তিনি ও বীরই জানেন। সম্পর্ক যত দিন ভালোভাবে চলেছে, তত দিন তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। তবে একপর্যায়ে দুজনই বুঝতে পেরেছেন, এবার আলাদা হয়ে যাওয়ার সময় এসেছে।

সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন স্বপ্না। নারী ও পুরুষের ভালোবাসার ধরনে পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর কিছু মন্তব্যে সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গের ইঙ্গিতও খুঁজে পেয়েছেন অনেকে।

স্বপ্না বলেন, ‘আমার বিশ্বাস, ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়। ভালোবাসা আত্মার সঙ্গে জড়িত, এর সঙ্গে আবেগও জড়িয়ে থাকে। তবে আমার মনে হয়, পুরুষেরা বেশি বাস্তববাদী, আর নারীরা অনেক সময় আবেগে ভেসে যান।’

২০২০ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। বিয়ের খবর শুরুতে প্রকাশ্যে আনেননি তাঁরা। প্রথম সন্তানের জন্মের পর তাঁদের বিয়ের বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।

হরিয়ানভি বিনোদনজগতের পরিচিত মুখ স্বপ্না চৌধুরী। গান ও নাচের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরে ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে আরও বড় পরিসরে পরিচিতি পান এই শিল্পী। সূত্র: এনডিটিভি

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৮ পিএম
  • আপডেট : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর


শাহরুখ খান ও কারিনা কাপুর

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৮ পিএম

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। গানে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে কারিনা কাপুরকে। দুজনের নাচ ও পর্দার রসায়নে মুগ্ধ হয়েছেন বলিউডের অনেক তারকাও। গানটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন করণ জোহর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, কারিশমা কাপুরসহ অনেকে।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে করন জোহর লিখেছেন, ‘বিপজ্জনক! ব্লকবাস্টার! ভাইকে দারুণ আকর্ষণীয় লাগছে। বেবো একজন রানি। দুজনের রসায়ন দুর্দান্ত।’ 
আলিয়া ভাট লিখেছেন, ‘উফফফ!’ ভূমি পেড়নেকর মন্তব্য করেছেন, ‘ও মাই গড!’ কারিশমা কাপুর লিখেছেন, ‘ভালোবাসা।’ সোনম কাপুর মন্তব্যের ঘরে আগুনের ইমোজি দিয়েছেন। এ ছাড়া মাহিপ কাপুর লিখেছেন, ‘অবিশ্বাস্য!’ আর শানায়া কাপুরের মন্তব্য, ‘অবাস্তব!’

গানের ভিডিও শুরু হয় ডিস্কো পরিবেশে শাহরুখের প্রবেশের মধ্য দিয়ে। এরপর কারিনাকে সঙ্গে নিয়ে নাচের মঞ্চে ওঠেন তিনি। প্রাণবন্ত সুরের সঙ্গে দুজনের নাচ ও আনন্দের মুহূর্তগুলো উঠে এসেছে ভিডিওতে। শাহরুখকে দেখা গেছে মরিচ রঙের চুল ও সুঠাম শরীরের পরিপাটি সাজে। অন্যদিকে লাল রঙের জমকালো পোশাকে নজর কেড়েছেন কারিনা।

১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর বলিউড সংস্করণ এটি। নতুন সংস্করণটির সুর করেছেন শচীন-জিগর। কুমারের লেখা হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখ ও কারিনার নাচের দৃশ্য পরিচালনা করেছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।

ইনস্টাগ্রামে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও ফিরলাম… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো কুল!’ একই পোস্টে তিনি জানিয়েছেন, ‘কিং’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৮ পিএম
  • আপডেট : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৮ পিএম


সুমাইয়া শিমু

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৮ পিএম

দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন সুমাইয়া শিমু। টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করলেও এত দিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘যাত্রা বিরতি’। এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম, যার সঙ্গে বহু নাটকে কাজ করেছেন তিনি।

সিনেমায় অভিনয়ের বিষয়ে সমকালকে সুমাইয়া শিমু বলেন, ‘আমার দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের জন্য অনেক কাজ করেছি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছে। তবে সিনেমায় অভিনয় করা হয়নি। বেশ কয়েকবার প্রস্তাবও পেয়েছি। কিন্তু কখনো গল্প, কখনো অন্য কোনো কারণে কাজগুলো করা হয়নি। এরপর যখন ‘যাত্রা বিরতি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর মনে হয়েছে, এই গল্পটির সঙ্গে যুক্ত হওয়া যায়। গল্পটি পড়েই ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে। তাই এবার আর না করিনি।’

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১:০০ এএম
  • আপডেট : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১:০০ পিএম


প্রিন্স সিনেমার টিজারের দৃশ্য ও পোস্টার। ছবি - সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১:০০ এএম

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। আজ দুপুরে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’।

তবে প্রত্যাশা যতটা ছিল টিজার নিয়ে, ঠিক তার উল্টোটাই ঘটেছে। টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করছেন দর্শক। অনেকের দাবি, গোঁজামিল দিয়ে একটি টিজার বানিয়ে প্রকাশ করা হয়েছে। পর্দায় নির্মাতার যতটা সৎ থাকার কথা ছিল, ততটা তার প্রথম ঝলকে দেখা যায়নি। এখন সিনেমাটি কেমন হবে এ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। বলা যায়, প্রিন্স নিয়ে দর্শক-ভক্তদের যে উত্তেজনা ছিল, টিজার প্রকাশের পর সে উত্তেজনায় পানি ঢাললেন নির্মাতা।

টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’

সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১২:৫৭ এএম
  • আপডেট : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১২:৫৭ পিএম


শাকিব খান ও সাবিলা নূর । ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ মার্চ, ২০২৬, সময় : ১২:৫৭ এএম

মার্চ মাসের শেষের দিক দিয়ে শুরু হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার শুটিং। সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে শাকিব খান এর রকস্টার আসছে, তবে সিনেমায় তার বিপরীতে কে থাকবেন সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। এমনকি গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের এক অভিনেত্রী তার সঙ্গে জুটি বাঁধতে পারেন।

তবে প্রথম থেকেই পরিচালক জানিয়ে ছিলেন, সিনেমার গল্প যেহেতু দেশীয় প্রেক্ষাপটে তৈরি, তাই নায়িকাও দেশেরই একজন হবেন। সর্বশেষ খবর অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাবিলা নূর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেই ঝুঁকি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত গত বুধবার সাবিলা নূরকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করেছেন সাবিলা নূর। ‘রকস্টার’-এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিব-সাবিলা জুটি একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন।

সূত্র জানায়, ছবিটি মূলত একটি রোমান্টিক মিউজিক্যাল ঘরানার হবে। সে কারণে এতে অ্যাকশন দৃশ্যের উপস্থিতি খুব কম থাকবে। তথ্য অনুযায়ী, আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় সিনেমাটির শুটিং শুরু হবে এবং সেটা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং চলবে।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি তানজিয়া জামান মিথিলা সহ আরও অনেক শিল্পী অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আযহা উপলক্ষে ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।